Sunday, 19 July 2026

চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া ও চর্মরোগ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

বন্যার পানি নামতে শুরু করলেও চট্টগ্রাম বিভাগে নতুন করে দেখা দিয়েছে জনস্বাস্থ্য সংকট। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় পানিবাহিত রোগ, চর্মরোগ এবং সাপের কামড়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বন্যার পানিতে পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া, প্রায় ২০ হাজার নলকূপ দূষিত হওয়া এবং বিশুদ্ধ পানির সংকটকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তারা বলছেন, দ্রুত নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা না গেলে ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগ বড় আকার ধারণ করতে পারে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বন্যাকবলিত পাঁচ জেলায় বর্তমানে ৫১৬টি মেডিকেল টিম কাজ করছে। দুর্গম এলাকার জন্য অতিরিক্ত মোবাইল মেডিকেল ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও অ্যান্টি-ভেনম মজুত রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিমগুলো মাঠে সক্রিয় রয়েছে। ইতোমধ্যে ৫০ হাজারের বেশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ওষুধ ও স্যালাইনের মজুত রয়েছে।

সাতকানিয়ায় ৪৮ ঘণ্টায় তিন শতাধিক রোগী
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলার একটি সাতকানিয়ায় পানি নামার পরই ডায়রিয়া ও চর্মরোগের রোগী বাড়তে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ৪৮ ঘণ্টায় ৩০০ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগই ডায়রিয়ায় আক্রান্ত।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে বলেন, বন্যার সময় হাসপাতালের নিচতলা পানিতে তলিয়ে গিয়েছিল। পানি নেমে যাওয়ার পর বহির্বিভাগের সেবা পুনরায় চালু হয়েছে। তবে বিশুদ্ধ পানির সংকটের কারণে সামনে কলেরা, ডায়রিয়া ও চর্মরোগের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

বাঁশখালীতে অচল ১৫ কমিউনিটি ক্লিনিক
বাঁশখালীতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার জানান, বর্তমানে হাসপাতালে আসা রোগীদের ৩০ শতাংশের বেশি ডায়রিয়ায় আক্রান্ত। উপজেলার ১৫টি কমিউনিটি ক্লিনিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অধিকাংশ টিউবওয়েলের পানি দূষিত হয়ে পড়ায় বাধ্য হয়ে অনেকেই অনিরাপদ পানি ব্যবহার করছেন, যা রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে।

পার্বত্য জেলায় চর্মরোগের বিস্তার
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির আশ্রয়কেন্দ্রগুলোতে ইতোমধ্যে খোসপাঁচড়াসহ বিভিন্ন চর্মরোগের প্রকোপ দেখা দিয়েছে। বান্দরবানের সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী বলেন, সাধারণত বন্যার পর ডায়রিয়া ও চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এখন আশ্রয়কেন্দ্রগুলোতে চর্মরোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। মোবাইল মেডিকেল টিম নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে।

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, বর্তমানে ভূমিধসে আহত ও সাপের কামড়ে আক্রান্ত রোগী বেশি এলেও অতীত অভিজ্ঞতায় বন্যার পানি নামার পর ডায়রিয়া ও চর্মরোগ বাড়ে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাঁচ জেলায় সাপে কেটেছে ১২৬ জন
বন্যার পর সাপের উপদ্রবও বেড়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচ জেলায় ১২৬ জন সাপের কামড়ের শিকার হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামেই ১১২ জন এবং কক্সবাজারে ১৪ জন।

চট্টগ্রামে সবচেয়ে বেশি সাপে কাটার ঘটনা ঘটেছে বোয়ালখালী উপজেলায়, যেখানে আক্রান্ত হয়েছেন ২৬ জন। এরপর রয়েছে বাঁশখালীতে ১৯ জন এবং পটিয়ায় ১৮ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত সাপের কামড়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১ হাজার ১০০ ভায়াল অ্যান্টি-ভেনম সরবরাহ করা হয়েছে। দ্রুত চিকিৎসা পাওয়ায় আক্রান্তদের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রায় ২০ হাজার অগভীর নলকূপ দূষিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে চার লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবদুর রব বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষকে অবশ্যই পানি ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করতে হবে। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া, খাবার ঢেকে রাখা এবং ডায়রিয়া, জ্বর, চর্মরোগ কিংবা সাপের কামড়ের মতো কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীদের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রী যারা

ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা '৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪' ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮...

‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা...

মীর হেলালের পক্ষ থেকে নাঙ্গলমোড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে ৪র্থ দফায় ত্রাণ বিতরণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত...

জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: মীর হেলাল

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য দূর করে সকলের জন্য...

আরও পড়ুন

জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: মীর হেলাল

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য দূর করে সকলের জন্য...

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে দেওয়া হচ্ছে বীজ-সার: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলে ক্ষয়ক্ষতির...

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

রাজনীতির গুণগত পরিবর্তন শুধু মুখে বলার বিষয় নয়, বরং তা কাজে করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী...