Sunday, 29 November 2026

১৩ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির অডিট আপত্তি, নিয়োগে আদালতের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ; তিন সরকারের আমলেই বহাল শীর্ষ পদে

৮৬৩ খালাসী নিয়োগ থেকে পদ্মা রেল প্রকল্প: বিতর্ক-অভিযোগের কেন্দ্রে রেলওয়ের ডিজি আফজাল

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনকে ঘিরে একের পর এক অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সামনে আসছে। ৮৬৩ জন খালাসী নিয়োগে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করা, পদ্মা রেল সংযোগ প্রকল্পে হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ এবং প্রকল্পের অডিট আপত্তি নিষ্পত্তি নিয়ে প্রশ্ন উঠেছে তাঁর বিরুদ্ধে।

অন্যদিকে, পদ্মা রেল সংযোগ প্রকল্পের বিভিন্ন ব্যয় ও কাজের মান নিয়ে অডিট আপত্তিতে সরকারের বিপুল আর্থিক ক্ষতির বিষয় উঠে এসেছে। এসব অভিযোগের মধ্যেই রেলওয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে বহাল রয়েছেন আফজাল হোসেন। ফলে প্রশ্ন উঠেছে—এত অভিযোগ ও বিতর্কের পরও কীভাবে একের পর এক সরকারের আমলে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি?

৮৬৩ খালাসী নিয়োগে অনিয়ম, দুদকে অভিযোগ

বাংলাদেশ রেলওয়ের ৮৬৩ জন খালাসী নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে।

গত ৬ আগস্ট দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগটি করেন বাংলাদেশ রেলওয়ের প্রথম শ্রেণির ঠিকাদার ও মেসার্স জান্নাত কনসোর্টিয়ামের প্রতিনিধি মো. হুমায়ুন। অভিযোগে নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অনুসন্ধান করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে ৮৬৩ জন খালাসী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে পোষ্য কোটায় নির্ধারিত ৩১১টি পদের বিপরীতে ৩০৯ জনকে নিয়োগ দেওয়া হয়। যোগ্য প্রার্থী না থাকায় দুটি পদ শূন্য রাখা হয়েছিল। পরবর্তী সময়ে নিয়োগ থেকে বঞ্চিত কয়েকজন প্রার্থী আদালতের শরণাপন্ন হন।

অভিযোগকারীর দাবি, আদালত যোগ্য আবেদনকারীদের পোষ্য কোটা বজায় রেখে নিয়োগ দেওয়ার নির্দেশনা দিলেও পরবর্তী সময়ে ওই নির্দেশনার ভিন্ন ব্যাখ্যা দিয়ে ৬৬ জনকে নিয়োগ দেওয়া হয়। আদালতের নির্দেশনার সঙ্গে এই নিয়োগের সামঞ্জস্য ছিল কি না, তা নিয়েই মূলত প্রশ্ন উঠেছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য গঠিত তিন সদস্যের যাচাই-বাছাই কমিটি ১৩২ জন রিট আবেদনকারীর তথ্য পর্যালোচনা করে মাত্র ২৪ জনের তথ্য সঠিক পেয়েছিল। কমিটির প্রতিবেদনে ৪২ জনকে ভুয়া রিটকারী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এ ছাড়া ১৪ জন পরীক্ষায় অকৃতকার্য, ছয়জন পরীক্ষায় অংশ নেননি, ১১ জন পোষ্য কোটায় আবেদন করেননি এবং ৩৩ জন কমিটির সামনে উপস্থিত হননি বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

এমন পরিস্থিতিতে যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনে এতসংখ্যক আবেদনকারীর বিষয়ে নেতিবাচক তথ্য থাকার পরও কোন প্রক্রিয়ায় ৬৬ জনকে নিয়োগ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।

নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি নামের একটি সংগঠনের ভূমিকা নিয়েও অভিযোগ আনা হয়েছে। সংগঠনটির আনুষ্ঠানিক অনুমোদন, নিয়োগপ্রত্যাশীদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়েও অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন বিচারাধীন থাকা অবস্থায় নিয়োগপত্র দেওয়ার আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।

দুদকের প্রধান কার্যালয়ের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মুহাম্মদ রেজাউল কবীর অভিযোগ পাওয়ার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বলে অভিযোগকারী সূত্রে জানা গেছে।

দুদকে দেওয়া অভিযোগে মহাপরিচালক আফজাল হোসেন ছাড়াও বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান, রেলওয়ের স্টেশন ঘোষক দেলোয়ার হোসেন বাপ্পি এবং পূর্বাঞ্চলের আইন কর্মকর্তা মো. আল মাহমুদের নাম উল্লেখ করা হয়েছে।

পদ্মা রেল সংযোগ প্রকল্পে ১৩ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির অডিট আপত্তি

রেলওয়ের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। প্রকল্পটির বিভিন্ন কাজের ব্যয়, ঠিকাদার নির্বাচন, নির্মাণকাজের পরিমাণ এবং বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

প্রকল্পটির বিভিন্ন অনিয়মের বিষয়ে অডিট প্রতিবেদনে সরকারের ১৩ হাজার ৩৬১ কোটি ৫২ লাখ টাকার আর্থিক ক্ষতির বিষয় উল্লেখ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অডিট পর্যবেক্ষণে বলা হয়েছে, মূল চুক্তির বাইরে ঠিকাদারের সঙ্গে যোগসাজশে ৫৫৬ কোটি টাকা অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণে মূল নকশার তুলনায় গড়ে ১ দশমিক ৭ মিটার কম উচ্চতায় মাটি ভরাট করা হলেও ঠিকাদারদের অতিরিক্ত বিল দেওয়া হয়েছে। এ খাতে প্রায় ২ হাজার ১৩০ কোটি টাকার অনিয়মের বিষয় উঠে এসেছে।

একইভাবে রেললাইন নির্মাণে বালির স্তর মূল স্পেসিফিকেশনের তুলনায় গড়ে ২০০ মিলিমিটার কম থাকার পরও ঠিকাদারকে ২১৬ কোটি ৭৯ লাখ টাকা অতিরিক্ত বিল পরিশোধের অভিযোগ রয়েছে।

পরামর্শক প্রতিষ্ঠানের অগ্রগতি প্রতিবেদনের তুলনায় কাজ বেশি দেখিয়ে ১ হাজার ১১ কোটি টাকা বিল পরিশোধের বিষয়টিও অডিট পর্যবেক্ষণে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া পদ্মা রেল সংযোগ প্রকল্পকে বিশেষায়িত কাজ হিসেবে বিবেচনা করে প্রাক্কলিত ব্যয়ের তুলনায় ১৭ দশমিক ১৫ শতাংশ বেশি মূল্যে ইপিসি/টার্নকি চুক্তি করার মাধ্যমে ৩ হাজার ৬০৬ কোটি ৮৮ লাখ টাকার আর্থিক অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে।

অডিট প্রতিবেদনে উঠে আসা এসব পর্যবেক্ষণ প্রকল্পটির আর্থিক ব্যবস্থাপনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। তবে এসব অডিট আপত্তির চূড়ান্ত নিষ্পত্তি, দায় নির্ধারণ এবং অর্থ আত্মসাতের অভিযোগের আইনগত সত্যতা পৃথক অনুসন্ধানের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে আফজাল হোসেনের ভূমিকা কী ছিল, কোন কোন সিদ্ধান্ত তাঁর অনুমোদনে হয়েছে এবং এসব আর্থিক অনিয়মের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

তিন সরকারের আমলেই গুরুত্বপূর্ণ পদে আফজাল

আফজাল হোসেনের দায়িত্ব পালন ও পদোন্নতির ধারাবাহিকতা নিয়েও রেলওয়ের ভেতরে-বাইরে আলোচনা রয়েছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা রেল সংযোগ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারের গুরুত্বপূর্ণ মহলের আস্থাভাজন ছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর প্রশাসনিক অবস্থানের পরিবর্তন হয়নি।

অন্তর্বর্তী সরকারের সময় এক নোটিশে জানানো হয়, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আফজাল হোসেন ৮ ডিসেম্বর থেকে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। পরবর্তী সময়ে তিনি রেলওয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব পান।

এ নিয়ে রেলওয়ের একাধিক কর্মকর্তার প্রশ্ন, তাঁর চেয়ে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মকর্তা থাকা সত্ত্বেও কোন বিবেচনায় তাঁকে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল?

বিশেষ করে পদ্মা রেল সংযোগ প্রকল্পের অডিট আপত্তি ও আর্থিক অনিয়মের অভিযোগ নিষ্পত্তি না হওয়ার পরও তাঁকে গুরুত্বপূর্ণ পদে বহাল রাখার বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তিন সরকারের পরিবর্তনেও একই কর্মকর্তার শীর্ষ পদে অবস্থান ধরে রাখার বিষয়টি রেলওয়ের প্রশাসনিক নিয়োগ, পদোন্নতি ও জবাবদিহির প্রশ্নকে সামনে এনেছে।

প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের অভিযোগ

রেলওয়ের সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, পদ্মা রেল সংযোগ প্রকল্পে ব্লাস্ট সরবরাহ, রাস্তা মেরামতসহ বিভিন্ন কাজে পছন্দের ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। নামসর্বস্ব পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ, সীমিত প্রতিযোগিতায় টেন্ডার মূল্যায়ন কমিটি গঠন এবং কাজের অগ্রগতি যথাযথভাবে যাচাই না করেই বিল পরিশোধের অভিযোগও সামনে এসেছে।

অভিযোগ রয়েছে, প্রকল্পসংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও ঠিকাদারের মধ্যে যোগসাজশের মাধ্যমে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক, আবু জাফর, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা আরিফুর রহমানসহ কয়েকজনের নামও বিভিন্ন অভিযোগে উঠে এসেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য, চুক্তিপত্র, বিল-ভাউচার ও টেন্ডার নথি যাচাই করে প্রকৃত দায় নির্ধারণ করা প্রয়োজন।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথসহ অন্যান্য প্রকল্পেও প্রশ্ন

শুধু পদ্মা রেল সংযোগ প্রকল্প নয়, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথসহ রেলওয়ের আরও কয়েকটি বড় প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রায় ২১ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহার, নির্মাণকাজের মান এবং প্রকল্প ব্যয়ের যৌক্তিকতা নিয়ে অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, প্রকল্পটির বিভিন্ন খাতে বিপুল পরিমাণ অর্থের অনিয়ম হয়েছে। প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ভূমিকা এবং তাঁদের সম্পদের উৎস অনুসন্ধান করা প্রয়োজন।

এ ছাড়া যমুনা রেলওয়ে সেতু, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেললাইন উন্নয়ন, ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন এবং লোকোমোটিভ ও ক্যারেজ সংগ্রহসহ বিভিন্ন প্রকল্পের দরপত্র, ঠিকাদার নির্বাচন ও ব্যয় ব্যবস্থাপনা নিয়েও অনুসন্ধানের দাবি উঠেছে।

রেলওয়ের অভ্যন্তরীণ সূত্রের অভিযোগ, বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ ফাইল ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাবশালী কর্মকর্তাদের একটি বলয় সক্রিয় রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে প্রকল্পভিত্তিক নথি, টেন্ডার প্রক্রিয়া ও আর্থিক লেনদেন পরীক্ষা করা জরুরি।

প্রকল্পের সক্ষমতা বনাম বাস্তব চিত্র

পদ্মা রেল সংযোগ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ উন্নত করা। প্রকল্প পরিকল্পনায় যাত্রী ও মালামাল পরিবহনের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছিল।

তবে প্রকল্পের পরিকল্পিত সক্ষমতা এবং বাস্তব ট্রেন চলাচলের মধ্যে ব্যবধান নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগে বলা হয়েছে, পরিকল্পনায় দৈনিক ২৪ জোড়া যাত্রী ও মালবাহী ট্রেন চলাচলের কথা থাকলেও বাস্তবে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা অনেক কম।

প্রকল্পের অবকাঠামোগত সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে কি না, প্রত্যাশিত রাজস্ব আয় হচ্ছে কি না এবং পরিচালন ব্যয় ও আয়-ব্যয়ের ভারসাম্য কতটা—এসব বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, এত বড় বিনিয়োগের প্রকল্পে সম্ভাব্যতা যাচাই, যাত্রী ও পণ্য পরিবহনের পূর্বাভাস এবং দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার যথার্থতা পরীক্ষা করা জরুরি।

সম্পদের উৎস নিয়েও অনুসন্ধানের দাবি

আফজাল হোসেনের নামে ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল সম্পদ থাকার অভিযোগও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।

অভিযোগকারীদের দাবি, রাজধানীর বনানীতে একাধিক অ্যাপার্টমেন্ট, অস্ট্রেলিয়ায় বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিপুল সম্পদের মালিকানা রয়েছে তাঁর পরিবারের সদস্যদের নামে। এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়ের অর্থের উৎস এবং আয়কর নথির সঙ্গে সম্পদের সামঞ্জস্য পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জবাবদিহি কোথায়?

রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে একদিকে ৮৬৩ খালাসী নিয়োগে আদালতের নির্দেশনা অনুসরণ নিয়ে প্রশ্ন, অন্যদিকে পদ্মা রেল সংযোগ প্রকল্পে হাজার কোটি টাকার অডিট আপত্তি এবং বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ—সব মিলিয়ে রেলওয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

প্রশ্ন উঠছে, এসব অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে? পদ্মা রেল সংযোগ প্রকল্পের অডিট আপত্তিগুলোর নিষ্পত্তি হয়েছে কি না? অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে কোনো তদন্ত বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না? ৮৬৩ খালাসী নিয়োগে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হয়েছিল কি না?

একই সঙ্গে রেলওয়ের বিভিন্ন প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া, ঠিকাদার নির্বাচন, বিল পরিশোধ এবং কর্মকর্তাদের সম্পদের উৎস নিয়ে নিরপেক্ষ অনুসন্ধানের দাবি উঠেছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের সাথে সখ্যতায় হয় না তদন্ত

প্রথম আলো পত্রিকার ১৪.০৭.২০২৬ তারিখে প্রকাশিত ‘দোকান, পার্কিং, শৌচাগার ইজারা-রেলের আনিসুরপ্রীতি’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঠিকাদারি কার্যক্রম, কমলাপুর রেলস্টেশনের অভ্যন্তরে দোকানের স্থান বরাদ্দ, বিভিন্ন রেলস্টেশনের গণশৌচাগার ও পার্কিং ইজারা এবং দরপত্র প্রক্রিয়া অনুসরণ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় এবং বিষয়টি জনস্বার্থসংশ্লিষ্ট ও বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ায়, সংবাদে উত্থাপিত অভিযোগসমূহের প্রকৃত অবস্থা নিরূপণ, সংশ্লিষ্ট নথিপত্র এবং প্রযোজ্য আইন, বিধি-বিধান ও নীতিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয়  সুপারিশ প্রণয়নের লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো: রূপম আনোয়ারকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় ১৪ জুলাই। কমিটি সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন এ আদেশ জারির তারিখ হতে ১০ (দশ) কার্যদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে দাখিল করার কথা থাকলেও তদন্ত আলোর মুখ দেখেনি।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন এর বিরুদ্ধে অভিযোগ এবং দৈনিক আমার দেশ, ঢাকা পত্রিকায় ১০.০৮.২০২৬ খ্রি. তারিখে “পদ্মা রেল প্রকল্পে দুর্নীতি, দায়ীদের শাস্তি নিশ্চিত করুন” শিরোনামে প্রকাশিত সংবাদ এবং পদায়ন ও পদোন্নতিতে অনিয়ম, জ্যেষ্ঠতা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, আর্থিক দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে একটি পত্রের আলোকে অভিযোগসমূহের প্রাথমিক সত্যতা যাচাইয়ের নিমিত্ত বিষয়টি তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ (২৭ আগস্ট স্বাক্ষরিত পত্র) ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব প্রদান করা হয় রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো: জিয়াউল হককে। এই বিষয়ে কোন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় নি।

জানা যায়, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন একে অপরের বন্ধু। এক বন্ধু সচিবের দায়িত্বে থাকায় অপর বন্ধু মহাপরিচালকের বিরুদ্ধে অজস্র  অভিযোগের বিষয়ে লোকদেখানো তদন্ত কমিটি গঠন হলেও তদন্ত প্রতিবেদন দাখিল হয় না।

ওদিকে, দুদকে চলমান নথি লাল ফিতায় বেধে ফেলেছেন ম্যানেজ মাস্টার আফজাল। দেশ-বিদেশে গড়া সম্পদের পাহাড়ে কোনো আঁচড় পড়ছে না। দুদকের জনৈক কর্মকর্তার আশীর্বাদে নির্ভার রেলের এ শীর্ষ কর্মকর্তা।

পদ্মা সেতুর রেল প্রকল্পের পিডি থাকাকালে উল্লিখিত নারী কর্মকর্তারা ও নথিপত্র জালকারীরাও স্বস্তিতে চাকরি করছেন। অডিট আপত্তিদানকারী কর্মকর্তাদেরও সামলে নিয়েছেন তিনি। বর্তমান সরকারের প্রভাবশালী ঠিকাদাররা সব ধরনের শেল্টার দিচ্ছেন রেলমন্ত্রীর সুনজরের বদৌলতে।

বক্তব্য পাওয়া যায়নি

এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের বক্তব্য জানতে তাঁর সরকারি মুঠোফোন ও অফিসের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁকে হোয়াটসঅ্যাপেও খুদে বার্তা পাঠানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তাঁর দপ্তরে যোগাযোগ করা হলেও তিনি উপস্থিত নেই বলে জানানো হয়। রেল ভবনসংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, তিনি সাধারণত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আগ্রহ দেখান না।

সর্বশেষ

রেলওয়ের ডিজেল লোকোমোটিভ যন্ত্রাংশ সরবরাহে তালিকাভুক্তি নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামঃ বাংলাদেশ রেলওয়ের Diesel Electric Locomotive (DEL) বা ডিজেল বৈদ্যুতিক লোকোমোটিভের...

রেলওয়ের ডিজেল লোকোমোটিভের মালামাল সরবরাহে ৩৭ প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব!

বাংলাদেশ রেলওয়ের সরঞ্জাম বিভাগের মাধ্যমে ডিজেল লোকোমোটিভের (ইঞ্জিন) প্রয়োজনীয় যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল সরবরাহের...

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

আরও পড়ুন

রেলওয়ের ডিজেল লোকোমোটিভ যন্ত্রাংশ সরবরাহে তালিকাভুক্তি নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামঃ বাংলাদেশ রেলওয়ের Diesel Electric Locomotive (DEL) বা ডিজেল বৈদ্যুতিক লোকোমোটিভের...

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা...